কিশোরদের নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এসব ফিচারের মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ, স্ট্যাটাস, চ্যানেল এবং মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা।
এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ঐচ্ছিক। অভিভাবক ও কিশোররা একসঙ্গে বসে এসব সেটিংস নির্ধারণ করতে পারবেন। তবে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়া বা ফোনকল শোনার সুযোগ অভিভাবকদের থাকবে না।
প্রোফাইল ও গ্রুপে নিয়ন্ত্রণ
নতুন ব্যবস্থায় অভিভাবকরা নির্ধারণ করতে পারবেন, কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন। পাশাপাশি কারা তাকে হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
কিছু সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তী সময়ে অভিভাবকের অনুমোদন ও পিনের প্রয়োজন হতে পারে। এতে কিশোরের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিবর্তন করার ক্ষেত্রে অভিভাবকের নজরদারি আরও বাড়বে।
এ ছাড়া কোনো কিশোর নতুন কোনো গ্রুপে যোগ দিলে কিংবা কোনো গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকের কাছে নোটিফিকেশন যাওয়ার সুবিধা থাকবে। কোনো গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়ার সুযোগ থাকতে পারে।
তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের মেসেজ পড়ার সুযোগ থাকবে না অভিভাবকদের।
স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহারে নজরদারি
কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটিও নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। প্রয়োজনে কিশোর নিজে কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
স্ট্যাটাস ব্যবহারের ক্ষেত্রেও থাকছে নিয়ন্ত্রণ। কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে—এসব বিষয় নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ থাকবে অভিভাবকদের।
মেটা এআই ব্যবহারে সীমাবদ্ধতা
নতুন অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থায় মেটা এআই ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। কিশোরদের জন্য সাধারণ ‘১৩+’ সেটিং রাখা যাবে। পাশাপাশি আরও সীমিত কনটেন্টের ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নেওয়ার সুযোগও থাকছে।
এর মাধ্যমে কিশোরদের জন্য এআইভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহারের ক্ষেত্রে বয়স উপযোগী সীমাবদ্ধতা নির্ধারণ করা সম্ভব হবে।
ব্যক্তিগত চ্যাট ও কল থাকছে সুরক্ষিত
নতুন প্যারেন্টাল কন্ট্রোলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, অভিভাবকরা এর মাধ্যমে সন্তানের ব্যক্তিগত মেসেজ দেখতে বা ফোনকল শুনতে পারবেন না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত যোগাযোগ আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। অর্থাৎ নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালুর পরও কিশোরদের ব্যক্তিগত চ্যাট ও কলের গোপনীয়তা বজায় থাকবে।
ধীরে ধীরে চালু হচ্ছে ফিচার
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধাগুলো ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে সব পরিবার বা সব অঞ্চলে একই সময়ে নতুন ফিচারগুলো পাওয়া নাও যেতে পারে।
নতুন ব্যবস্থার মাধ্যমে একদিকে কিশোরদের অনলাইন নিরাপত্তা ও বয়স উপযোগী ব্যবহারের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়বে, অন্যদিকে ব্যক্তিগত মেসেজ ও কলের গোপনীয়তাও বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
সন্ধানী বার্তা/এসএ