২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচিত ১০০ জন সাংবাদিক ভোট দেওয়ার পর এখন কেবল আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষা। এবারের দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মতো তারকারা আলোচনায় থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ জমজমাট।
যেভাবে নির্ধারিত হয় বিজয়ী
ফ্রান্স ফুটবল ঘোষিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ক্রীড়া সাংবাদিক ভোট দেন। প্রত্যেক ভোটার ১০ জন খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে সাজান। প্রথম পছন্দ পান ১৫ পয়েন্ট, এরপর যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।
সব ভোট গণনা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই জিতে নেবেন পুরুষদের ব্যালন ডি’অর। সমান পয়েন্ট হলে প্রথম স্থান পাওয়ার ভোটের সংখ্যা দিয়ে টাইব্রেক করা হয়; প্রয়োজন হলে দ্বিতীয়, তৃতীয় স্থানসহ পরবর্তী ভোটও বিবেচনায় নেওয়া হয়।
তিনটি মানদণ্ডে ভোট
ভোট দেওয়ার ক্ষেত্রে মূলত তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। প্রথমত, ব্যক্তিগত নৈপুণ্য ও ম্যাচে খেলোয়াড়ের প্রভাব; দ্বিতীয়ত, ক্লাব ও জাতীয় দলের হয়ে দলগত সাফল্য ও অর্জন; তৃতীয়ত, খেলোয়াড়ের সামগ্রিক মান, খেলোয়াড়সুলভ আচরণ ও ফেয়ার প্লে।
আলোচনায় কেইন, এমবাপ্পে ও ইয়ামাল
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে একক কোনো প্রার্থীকে ঘিরে শেষ পর্যন্ত নিশ্চিত সমীকরণ তৈরি হয়নি। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা থাকলেও অন্য বেশ কয়েকজন তারকার নামও রয়েছে আলোচনায়।
স্পেনের হয়ে আলোচিত পারফরম্যান্স এবং ক্লাব ফুটবলের সাফল্যের কারণে রদ্রি ও ফাবিয়ান রুইজও তালিকায় রয়েছেন। পিএসজির উসমান দেম্বেলে ও খভিচা কাভারেস্খেইয়ার নামও আলোচনায় এসেছে। ফলে ভোটের পূর্ণ ফল প্রকাশের আগে বিজয়ীর নাম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
লন্ডনে হবে ঐতিহাসিক আয়োজন
২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে ২৬ অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে। ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম প্যারিসের বাইরে আয়োজন হতে যাচ্ছে এই অনুষ্ঠান।
এবারের আসরটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল চালু করা এই পুরস্কার ২০২৬ সালে ৭০তম বছরে পা দিয়েছে। প্রথম ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথুসের প্রতি শ্রদ্ধা জানাতেই লন্ডনকে এবারের আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ফলে ভোটাভুটি শেষ হওয়ার পর এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা কেবল ২৬ অক্টোবরের অনুষ্ঠানের দিকে। সেদিনই আনুষ্ঠানিকভাবে জানা যাবে, ২০২৬ সালের ব্যালন ডি’অরের ট্রফি কার হাতে উঠছে।
সন্ধানী বার্তা/এসএ