জাতীয়

কবিতা-গানে মুখর নান্দাইল, নজরুলের সাম্যের বার্তা তথ্য প্রতিমন্ত্রীর

কবিতা, গান আর নৃত্যের ছন্দে মুখরিত নান্দাইল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উঠে এলো মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

  • উদযাপিত হলো নজরুল বর্ষ
  • শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা
  • বিজয়ীদের পুরস্কার বিতরণ

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। এটি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।’

নজরুলের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রতিযোগীরা তাদের প্রতিভা তুলে ধরেন।

অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আবহ
শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। নজরুলের বিদ্রোহ, মানবতা, দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনা উঠে আসে তাদের পরিবেশনায়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। পুরস্কার পেয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার সুন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং রাজগাতী ইউনিয়নের উলহাটি বাজার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসআইপি/এমকে


সম্পর্কিত খবর