রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
এনসিপির এই নেতার এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির এই যুগ্ম কমিশনার তোয়াফেল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দিন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে এই বক্তব্যটা কেন দিয়েছে। তবে অবশ্যই আমার কাছে মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ। তা না হলে সে এই কথা কেন বলবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারব।
এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার—এই দাবিগুলো সরকার মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ