খেলা

পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ, প্রস্তুতি যাচাইয়ের সুযোগ বাংলাদেশের তরুণীদের

এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এতে অংশ নেওয়া তিন দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামী ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। একই দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত ইকবাল স্টেডিয়ামে তিন দলের অনুশীলন অনুষ্ঠিত হবে।

২ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সিরিজ অভিযান শুরু হবে ২ অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এক দিন বিরতির পর ৬ অক্টোবর আবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

লিগ পর্বের পরের ম্যাচগুলোতেও ব্যস্ত সূচি থাকছে বাংলাদেশের। ৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ১১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ফলে লিগ পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ওপরই অনেকটা নির্ভর করবে ফাইনালে ওঠার সমীকরণ।

এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগও পাবেন দলের খেলোয়াড়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক),তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।

সন্ধানী বার্তা/এসএ

 


সম্পর্কিত খবর