বিনোদন

‘আর্টিকেল ৩৭০’-এর জন্য সেরা অভিনেত্রী ইয়ামি, আবেগে ভাসলেন পুরস্কার মঞ্চে

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন মাইলফলক। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ইয়ামি। জীবনের অন্যতম বড় এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামি জানান, বিশেষ এই মুহূর্তের অনুভূতি এখনো পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারেননি তিনি।

ইয়ামি বলেন, ‘যে কোনো শিল্পী, যিনি সারাজীবন ধরে কঠোর পরিশ্রম করেন, তাঁর কাছে এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। যারা চোখে স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে (মুম্বাই) আসেন, তাদের সবার হয়েই আমি এ কথা বলছি—জীবন কখন কাকে কী দেবে, কেউ জানে না।’

‘এখনো অনেক পথ পাড়ি দিতে হবে’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান ইয়ামি। তবে এই স্বীকৃতিকে ক্যারিয়ারের শেষ সাফল্য হিসেবে দেখছেন না তিনি। বরং সামনে আরও শেখার ও কাজ করার প্রত্যয় জানিয়েছেন অভিনেত্রী।

ইয়ামির কথায়, ‘এখনো অনেক কিছু শেখার এবং অনেক পথ পাড়ি দেওয়ার বাকি।’

তিনি আরও বলেন, ‘আপনি শুধু কঠোর পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান, একদিন না একদিন এমন মুহূর্ত আসবেই। এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে এত বড় সম্মান পেয়ে সত্যি খুব গর্ববোধ হচ্ছে।’

যে সিনেমার জন্য পুরস্কার

‘আর্টিকেল ৩৭০’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আদিত্য ধর, মোনাল থাক্কর ও অর্জুন ধাওয়ান। পরিচালনা করেছেন আদিত্য সুহাস জামভাল।

ইয়ামি গৌতম ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কর্মরকার।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আর্টিকেল ৩৭০’।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর