ইতালিতে পাঠানোর কথা বলে এক যুবককে লিবিয়ায় নিয়ে যাওয়ার পর জিম্মি করে পরিবারের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৩৯ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এরপর গত দুই মাস ধরে ওই যুবকের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই।
ভুক্তভোগী সাইদুলের পরিবারের অভিযোগ, ফরাজীর ছেলে আনোয়ার ফরাজী ২৩ লাখ টাকার চুক্তিতে সাইদুলকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দেন। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৬ মে অগ্রিম ১২ লাখ টাকা নেওয়া হয়। পরে একই বছরের ৯ জুন শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইতালির উদ্দেশে সাইদুলকে নেওয়া হলেও তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে পরিবারের দাবি।
লিবিয়ায় জিম্মির অভিযোগ
স্বজনদের দাবি, লিবিয়ায় নেওয়ার পর সাইদুলকে স্থানীয় একটি চক্রের কাছে জিম্মি করা হয়। তাকে নির্যাতনের ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে পরিবারের কাছ থেকে ধাপে ধাপে আরও টাকা নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৩৯ লাখ টাকা দেওয়ার পরও গত দুই মাস ধরে সাইদুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের কাছে গিয়েও তারা কোনো সমাধান পাননি। পরে কোনো উপায় না পেয়ে গত ১১ সেপ্টেম্বর সাইদুলের বড় ভাই সামাদ হোসেন বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলায় দালাল আনোয়ার ফরাজী, শিল্পী আক্তার, বাদল জমাদ্দার, সাহেব আলী জমাদ্দার, মামুন বেপারী, ইভা বেগম ও ছলে বেগমকে আসামি করা হয়েছে।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার
তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে আনু। তিনি বলেন, ‘আমি তাদের কাছ থেকে টাকা-পয়সা নেইনি।’
অভিযুক্ত আনোয়ারের স্ত্রী শিল্পী আক্তারও পরিবারের দাবি করা টাকার পরিমাণ নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘তাদের কাছ থেকে ১৯ লাখ টাকা নেওয়া হয়েছে।’
আদালতের নির্দেশনা পেলে মামলা হবে
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার আদালতে মামলা করেছে। আদালতের নির্দেশনা থানায় পৌঁছালে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।
সন্ধানী বার্তা/এমএসআইপি