২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবারও অনলাইন আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন।
যারা আবেদন করতে পারবেন
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—
- আগে আবেদন করেননি এমন শিক্ষার্থীরা।
- আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পাননি এমন শিক্ষার্থীরা।
- চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা।
- ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা।
আবেদন করবেন যেভাবে
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ সময়সূচি
- অনলাইন আবেদন: ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
- ফল প্রকাশ: ১ অক্টোবর রাত ৮টা
- নিশ্চায়ন: ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত
- দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর রাত ৮টা
- কলেজে ভর্তি: ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর
নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এদিকে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সিলেকশন না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
সন্ধানী বার্তা/এসএ