বিনোদন

‘জেলার ২’-এ ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালান

প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। এরপর উত্তেজনাপূর্ণ এক দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।

নতুন লুকে প্রশংসায় বিদ্যা

‘কান্থা’ চরিত্রের লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যা বালানের প্রশংসা করছেন ভক্তরা। ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটু—সব মিলিয়ে তাঁর সাজে যে ভিন্নতা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এক ভক্ত মন্তব্য করেছেন, নতুন লুকে বিদ্যা চরিত্রটিতে আলাদা মাত্রা যোগ করেছেন। আরেকজন তাঁকে ছবির ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’ হিসেবে উল্লেখ করেছেন। অনেকের মতে, বিদ্যার অভিনয়ক্ষমতা এমন যে যে চরিত্রেই তাঁকে দেখা যায়, পর্দায় সেটিই আলাদা গুরুত্ব পেয়ে যায়।

তবে শুধু লুক নয়, ‘কান্থা’ চরিত্রটির ভূমিকা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং দুই তারকার মুখোমুখি দৃশ্যগুলো কেমন হবে—এখন সেটিই আলোচনার অন্যতম বিষয়।

রজনীকান্তের সঙ্গে প্রথমবার

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। সিনেমাটিতে রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। Sun Pictures প্রযোজিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রজনীকান্তের জনপ্রিয়তা ও ‘জেলার’-এর সাফল্যের কারণে সিক্যুয়েলটি নিয়ে আগে থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। তার সঙ্গে বিদ্যা বালানের নতুন চরিত্রের ঝলক প্রকাশ পাওয়ায় সিনেমাটিকে ঘিরে সেই আগ্রহ আরও বেড়েছে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর