রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি বাসা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
গ্রেপ্তাররা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।
ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়।
এর ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ে অভিযান চালানো হয়।
অভিযানে পার্কিংয়ের একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
পরবর্তী সময়ে রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। সংবাদ সম্মেলনে ডিসি মোল্লা মো. শাহীন বলেন, রায়হান নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক হিসেবে পরিচিত। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে সে পাঁচ মাস কারাগারে ছিল এবং সম্প্রতি জামিনে বের হয়।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই তারা ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে গ্রেপ্তারদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
এ ছাড়া গ্রেপ্তারদের মোবাইল ফোনে পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
সন্ধানী বার্তা/এমএসআইপি