আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস যুক্তরাষ্ট্রে

রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে দিয়ে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বুধবার দুই দলের আইনপ্রণেতাদের সমর্থনে বিলটি পাস হয়। এখন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটির পক্ষে প্রতিনিধি পরিষদে ২৬২ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৫৯ জন আইনপ্রণেতা। প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি সম্মান জানিয়ে বিলটির নামকরণ করা হয়েছে।

এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদেও বিলটি পাস হওয়ায় এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

প্রস্তাবিত আইনে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। এর আওতায় রুশ সরকারি কর্মকর্তা, ধনকুবের বা অলিগার্ক, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। রাশিয়ার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে থাকছে।

রুশ জ্বালানি বাণিজ্যেও শাস্তিমূলক ব্যবস্থা

বিলে রাশিয়ার জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। যেসব দেশ বিপুল পরিমাণ রুশ তেল বা গ্যাস আমদানি করে এবং নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করে, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি রপ্তানি এবং নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা তৃতীয় দেশগুলোর ওপরও ওয়াশিংটনের চাপ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সন্ধানী বার্তা/এম/এসআইপি 


সম্পর্কিত খবর