৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে একসঙ্গে দেখা গেল জেনডায়া ও টম হল্যান্ডকে। দুজনের উপস্থিতি, পোশাক ও রেড কার্পেটের মুহূর্ত নিয়ে ভক্তদের আগ্রহের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাঁদের বিয়ে নিয়ে। তবে সেই আলোচনায় নতুন মোড় এসেছে জেনডায়ার স্টাইলিস্ট ল রোচের বক্তব্যে।
লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের এমিতে ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য জেনডায়া সেরা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে টম হল্যান্ডও তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যামেরায় ধরা পড়ে, জেনডায়ার পেছনে বসে হাসিমুখে তাঁর দিকে তাকিয়ে আছেন হল্যান্ড।
অনুষ্ঠানে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মারচেলো হার্নান্দেজ মজা করে জেনডায়াকে নিজের বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানান। জেনডায়া পরেছিলেন কুতুর গাউন ও মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। হল্যান্ডের পোশাক ছিল ডিওরের।
তবে অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ল রোচ জানান, জেনডায়া ও টম হল্যান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। এর আগে তিনি দাবি করেছিলেন, দুজন চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন। এবার সেই দাবি প্রত্যাহার করে তিনি বলেন, তিনি আসলে মিথ্যা বলেছিলেন এবং জেনডায়া বিবাহিত নন।
রোচ আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁদের কথিত বিয়ের ছবি ও ভিডিওও সত্যি নয়। তবে দুজনের সম্পর্ক যে দীর্ঘদিনের ও গভীর, সেটি স্পষ্ট করে তিনি বলেন, হল্যান্ড জেনডায়ার দীর্ঘদিনের সঙ্গী হলেও আনুষ্ঠানিকভাবে এখনো তাঁর স্বামী নন।
ফলে দীর্ঘদিনের প্রেম ও বাগ্দানের পর জেনডায়া-হল্যান্ডের বিয়ের গুঞ্জন আবারও আলোচনায় এলেও তাঁদের আনুষ্ঠানিক বিয়ের খবর এখনো নিশ্চিত হয়নি।
সন্ধানী বার্তা/এসএ