দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
৬০০ ঘণ্টার প্রশিক্ষণ, কোনো ফি নেই
অষ্টম ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। তিন মাসের এ প্রশিক্ষণে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস হবে। মোট ৬০০ ঘণ্টার এ প্রশিক্ষণের জন্য কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।
প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের প্রশিক্ষণার্থী নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচন
প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে জেলা প্রশাসকের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে এ কমিটি।
এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে মনোনীত প্রতিনিধিরা সরেজমিনে বাছাই কার্যক্রম তদারক করবেন।
মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা থাকবে।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণ পরবর্তী সময়ে আয় বৃদ্ধির কার্যক্রমে যুক্ত হতে প্রশিক্ষণার্থীদের মেন্টরিং সাপোর্টও দেওয়া হবে।
আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফলাফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
পরীক্ষার স্থান, সময় ও ফলাফলসহ প্রয়োজনীয় তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
সন্ধানী বার্তা/এসএ