তথ্যপ্রযুক্তি

দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তুলতে ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচিটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২ হাজার ৫০০ এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মশালা, আলোচনা ও অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি বৃহত্তর ক্রেতা ও দর্শকের কাছে পৌঁছাতে সহায়তা করা হবে।

বাংলাদেশে পোশাক, খাবার, প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যা পণ্য ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের প্রচার ও বিক্রিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ছে। তবে অনেক উদ্যোক্তারই কার্যকর পারফরম্যান্স মার্কেটিং ও ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই ‘টিকটক বাজার’ উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ

কর্মসূচিতে অংশ নেওয়া উদ্যোক্তারা টিকটকে ক্যাম্পেইন পরিকল্পনা, সৃজনশীল কনটেন্ট তৈরি, অ্যাকাউন্ট কনফিগারেশন, বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়ানো এবং ক্যাম্পেইনের ফলাফল পরিমাপের বিষয়ে ধারণা পাবেন।

এ ছাড়া ব্যবসা পরিচালনা, বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানো এবং রপ্তানিমুখী ডিজিটাল ক্যাম্পেইন তৈরির বিষয়েও তাঁদের দিকনির্দেশনা দেওয়া হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ডিজিটাল সৃজনশীলতা বর্তমানে ব্যবসার অন্যতম চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ‘টিকটক বাজার’ কর্মসূচিতে এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে স্থানীয় ক্রেতার পাশাপাশি বিদেশি দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হবে।

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের বাইরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল দক্ষতা আরও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাত অত্যন্ত সম্ভাবনাময়। স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে টিকটকের মতো অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে আইডিএলসি।

‘টিকটক বাজার’ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্য নিয়েছে আয়োজকেরা। এর মাধ্যমে দেশীয় এসএমইগুলোর স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর