ইমরান তাহির তাঁর ছেলেকে ধন্যবাদ দিতেই পারেন। ছেলের অনুপ্রেরণাতেই যে এই বয়সেও খেলে যাচ্ছেন, আর সেই খেলতে খেলতেই গড়েছেন নতুন রেকর্ড।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়া বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই লেগ স্পিনার।
প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তাহির। পাঁচ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।
ম্যাচ শেষে তাহির জানিয়েছেন, এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছেলে। ছেলের সঙ্গে একদিন একই দলে খেলবেন—এই স্বপ্ন থেকেই এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
তবে সেই স্বপ্ন পূরণে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাহিরকে। কারণ তাঁর ছেলের বয়স এখন মাত্র ১২ বছর। ফলে আরও কয়েক বছর ক্রিকেট খেলে যেতে পারলে বাবার সঙ্গে ছেলের একই মাঠে খেলার স্বপ্ন পূরণ হতে পারে।
টি-টোয়েন্টিতে ষষ্ঠবার পাঁচ উইকেট
সেন্ট লুসিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ষষ্ঠবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তাহির। এই সংস্করণে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় এখন তিনি দ্বিতীয়।
তাঁর ওপরে আছেন নামিবিয়ার ডেভিড ভিসা। তাঁর পাঁচ উইকেটের সংখ্যা সাতটি। পাঁচবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।
টি-টোয়েন্টিতে ৫৮৯ উইকেট
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তাহিরের উইকেট এখন ৫৮৯টি। এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তাঁর অবস্থান চতুর্থ।
তাঁর ওপরে আছেন রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভো (৬৩১)।
টি-টোয়েন্টিতে তাহিরের সবচেয়ে বেশি উইকেট এসেছে সিপিএলে—১৪২টি। চলতি মৌসুমে এখন পর্যন্ত তাঁর শিকার ১২ উইকেট।
৪৭ বছর বয়সেও শুধু বল হাতে নয়, নেতৃত্বেও গায়ানাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাহির। অথচ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গেছে সাত বছরেরও বেশি সময় আগে।
দক্ষিণ আফ্রিকার হয়ে তাহির খেলেছেন ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তাহির। বয়সকে পেছনে ফেলে এবার ৪৭ বছর বয়সে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড।
সন্ধানী বার্তা/এসএ