রাঙামাটি জেলা থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায় করে বলে দাবি করেছেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ইউপিডিএফ পাহাড়ের মানুষের অধিকার আদায়ের কথা বললেও সংগঠনটির বিরুদ্ধে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সংগঠনটির উল্লেখযোগ্য কোনো ত্রাণ কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজিই সংগঠনটির মূল কর্মকাণ্ড। এ বিষয়ে পাহাড়ের সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ইউপিডিএফের প্রতি কঠোর বার্তা দিয়ে রিজিয়ন কমান্ডার বলেন, জনগণকে বিরক্ত না করতে। সেনাবাহিনীকে প্রতিহত করার প্রয়োজন হবে না; বরং পাহাড়ের জনগণই সংগঠনটির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, প্যারামেডিক প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার সময় পানিবন্দি মানুষকে উদ্ধারসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে সেনাবাহিনী পাশে ছিল বলেও জানান তিনি।
এ ছাড়া তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে রিজিয়ন কমান্ডার বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি