ঢাকার সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় বড়দেশী এলাকায় সড়কে অবস্থান করছিলেন আলতাফ হোসেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেনের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি