রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছাড়ার পর জাতীয় সংসদে তার আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই তাকে সংসদের উপনেতা করা হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।
গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনটি পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। এর আগে ওই আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর পাশের আসনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সালাহউদ্দিনের নতুন আসনবিন্যাস নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সংসদে তাকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার ইঙ্গিত হিসেবেও দেখছেন।
সালাহউদ্দিন আহমদ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দলের সম্ভাব্য মহাসচিব হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে।
তবে তাকে সংসদের উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর তালিকাতেও বর্তমানে উপনেতার নাম নেই।
দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সংসদের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ হলেও উপনেতার পদটি এখনো খালি রয়েছে। এ পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নামও উপনেতার পদে আলোচনায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত সালাহউদ্দিন আহমদ নাকি খন্দকার মোশাররফ হোসেন—কে সংসদ উপনেতার দায়িত্ব পাচ্ছেন, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, তিনি কিছু জানেন না। সংসদ উপনেতা নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি