চিত্রনায়ক আরিফিন শুভ এখন নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। কখনো দেশে, কখনো দেশের বাইরে—কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের জন্যও সময় রাখছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কথায় সম্পর্ক ও বিয়ে নিয়ে এসেছে নতুন উপলব্ধি।
গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে চলে যান তিনি। এর আগে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’তে কাজ করেছেন। সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
বর্তমানে নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বললেও ভবিষ্যতে তাঁর জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলে জানিয়েছেন শুভ। তাঁর ভাষায়, মানুষ হয়তো একা থাকার জন্য তৈরি হয়নি।
২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর ব্যক্তিজীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন এই অভিনেতা। সে সময় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। তবে ধীরে ধীরে জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে।
শুভ বলেন, বিয়ে বা সম্পর্ক তাঁর জীবনে আবার আসতে পারে। তবে সেটি কখন হবে, তা তিনি জানেন না। এ বিষয়ে নিজের স্বভাবসুলভ রহস্যময় ভঙ্গিতে তাঁর মন্তব্য, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’
একসময় জীবন নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও এখন আর সবকিছু নির্দিষ্ট ছকে বাঁধতে চান না শুভ। জীবনের স্রোত যেদিকে নিয়ে যাবে, সেভাবেই এগিয়ে যেতে চান তিনি।
বিয়ে নিয়ে নিজের উপলব্ধি প্রসঙ্গে শুভ বলেন, সুখী দাম্পত্য শুধু সামাজিকভাবে দৃশ্যমান কিছু বিষয় বা ছবি দিয়ে নির্ধারিত হয় না। বরং বোঝাপড়া, দেওয়া-নেওয়া ও সমঝোতার মতো ছোট ছোট বিষয়ই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল করে।
তাহলে ‘হ্যাপিলি সিঙ্গেল’ শুভ কি ভবিষ্যতে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে চলেছেন? সেই উত্তর আপাতত নিজের কাছেই রেখেছেন অভিনেতা। তাঁর কথায়, সময়ই বলে দেবে জীবনের স্রোত তাঁকে কোথায় নিয়ে যায়।
সন্ধানী বার্তা/এসএ