দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরল আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা।
এই জয়ের ফলে টানা তৃতীয়বার মহাদেশীয় এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত ৪০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় লড়াই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে আর্জেন্টিনা। ৮ মিনিটে টমাস বারিউস গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন ১-০ ব্যবধানে।
গোল খেয়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি সেলেসাওরা।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। লুকা গোল করে ম্যাচে সমতা ফেরান।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল। কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।
অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লরেঞ্জো সামপ্রেদ।
তাঁর সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। একই সঙ্গে ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে তারা।
সন্ধানী বার্তা/এসএ