জাতীয়

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদীতে অবমুক্ত করা মাছগুলো বড় হয়ে ডিম ছাড়বে এবং বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে। এতে উপকৃত হবে বাংলাদেশের মানুষ। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়গুলো কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করতেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে খাল খননের কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এতে কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি খালের আশপাশের মানুষও পানির সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এসব জলাশয়ের পানি যথাযথভাবে ব্যবহার করতে হবে। কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণেও জলাশয়গুলোকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর ফলে একদিকে কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে মাছ উৎপাদন বাড়ার মাধ্যমে দেশের মানুষের পুষ্টি ও খাদ্য চাহিদা পূরণে সহায়তা হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি


সম্পর্কিত খবর