
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বাসার ভেতরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি






