
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাত ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাতজনের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ছয় ক্রিকেটার হলেন রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
অস্ট্রেলিয়ার ডারউইনে এবার তৃতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নেবে বাংলাদেশ এইচপি দল। আগের দুই আসরের একটিতে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা।
এবারের দল নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নির্বাচক নাঈম ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেন জাতীয় দলের ব্যাকআপ আরও উন্নত হয়। এ ছাড়া অনেক তরুণ ক্রিকেটারও আছে। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আপনি যদি দেখেন, এই দলে শামীমও আছে। আমরা চাচ্ছি সে যেন কিছু রান করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।’
এইচপি দলে সাধারণত উদীয়মান তরুণ ক্রিকেটারদেরই বেশি সুযোগ দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে ৩০ পেরোনো ক্রিকেটারদের এই দলে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। এবারের ডারউইন সফরের দলেও রয়েছেন সাব্বির রহমান ও আবু হায়দারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক ইরফান শুক্কুরের বয়সও ৩৩ বছর।
অভিজ্ঞ ক্রিকেটারদের এইচপি দলে রাখার কারণ ব্যাখ্যা করে নাঈম ইসলাম বলেন, ‘কোনো ক্রিকেটারের যদি দুই বছরও ভালো কিছু দেওয়ার সামর্থ্য থাকে, আমরা সেটাকে ব্যবহার করতে চাই। যুব দল পেরিয়ে আসা ক্রিকেটারদের জন্য এখন অনূর্ধ্ব-২৩ প্রোগ্রাম চালু হয়েছে। অভিজ্ঞ যাঁরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে, তাদেরও তো একটা মোটিভেশনের দরকার আছে। তারা যদি সুযোগ পায়, এটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।’
আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে চলবে টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসর। বাংলাদেশ এইচপি দলসহ মোট নয়টি দল অংশ নেবে টুর্নামেন্টে।
বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ এইচপি।
এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেনস একাডেমি, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা।
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
সন্ধানী বার্তা/এসএ





