
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরের গোলচত্বরে একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
সোমবার (১০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানোর সংকেত দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় পরিস্থিতি বুঝে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে গাড়িটি থেকে ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। গাড়িটি গভীরভাবে তল্লাশি করে ১টি নতুন আইফোন ১৭ প্রো-সহ মোট ৩টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, ১টি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের ৮টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।
এরপর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাস্টমস হলে উদ্ধারকৃত পণ্যের পূর্ণাঙ্গ ইনভেন্ট্রি বা তালিকা প্রস্তুত করেন। ঢাকা কাস্টম হাউসের স্বর্ণ পরীক্ষা করার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধারকৃত ১৮১২ গ্রাম (১৫৫.৩৫ ভরি) স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।
ঘটনায় জড়িত পলাতক চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সন্ধানী বার্তা/জেএন/এমএসআইপি






