খেলা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন ফুটবলার।

মঙ্গলবার (৪ আগস্ট) গোলক এফএ কাপের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটির ম্যাচ চলাকালে প্রবল মৌসুমি বৃষ্টি শুরু হয়। খেলার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে মাঠে থাকা কয়েকজন খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বজ্রপাতের তীব্র আলোর ঝলক ও এর পরের আতঙ্কের চিত্র দেখা গেছে।

বজ্রপাতে গুরুতর আহত হন স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ঘটনার পর সতীর্থরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে জরুরি চিকিৎসাসেবা দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার আগে পুনরুজ্জীবনের (সিপিআর) চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাতে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত অন্যদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সফওয়ান আওয়ায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, “আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশজুড়ে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের উল্লেখযোগ্য সংখ্যক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর