জাতীয়

রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহারে জোর দিতে বললেন পরিবহনমন্ত্রী রবিউল

রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

পরিবহনমন্ত্রী বলেন, ‘অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং নির্মাণ কাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে।’

৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের এই সমাপনী উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।

নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী রবিউল বলেন, ‘রাষ্ট্রের প্রয়োজনেই তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তোলা হয়েছে- এই উপলব্ধি সবসময় ধারণ করতে হবে।’

অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সন্ধানী বার্তা/ইএম/এলএল


সম্পর্কিত খবর