খেলা

প্রথম শ্রেণির ক্রিকেটেও চালু হতে যাচ্ছে ‘গ্রিন ক্যাপ’

ক্রিকেটের দীর্ঘ ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করে এবার বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও চালু হতে যাচ্ছে ‘গ্রিন ক্যাপ’। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগামী মৌসুম থেকেই ক্রিকেটারদের এই বিশেষ ক্যাপ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বৃদ্ধি ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে যেসব নতুন পরিবর্তন আসছে এনসিএল মাইনর লিগ: ইংলিশ কাউন্টি ক্রিকেটের আদলে এবার এনসিএলের মূল একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চালু হচ্ছে ‘মাইনর লিগ’। মূল টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহের মধ্যেই এটি শুরু হবে।

বিদেশি ক্রিকেটার: জাতীয় ক্রিকেট লিগের মান ও প্রতিযোগিতা বাড়াতে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার পরিকল্পনা করছে বিসিবি। এ নিয়ে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।

রাইজিং টাইগার্স টুর্নামেন্ট: বয়সভিত্তিক স্তরে উদীয়মান ক্রিকেটারদের পরখ করে নিতে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য আয়োজন করা হবে ‘রাইজিং টাইগার্স টুর্নামেন্ট’।

অনূর্ধ্ব-২৩ জাতীয় দল: হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ভেঙে দিয়ে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে তরুণ প্রতিভা বাছাইয়ে নতুন এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব পরিবর্তন ও গ্রিন ক্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই ঘরোয়া ক্রিকেটের নতুন সূচি চূড়ান্ত হতে পারে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর