জাতীয়

হাসপাতালের শয্যা ১৫১, নারীর হাতে ফ্যামিলি কার্ড—জনকল্যাণের দুই সমীকরণে মন্ত্রী ডা. জাহিদ

স্বাস্থ্যসেবা কতটা মানুষের কাছে পৌঁছাল, আর নারীর হাতে কতটা অর্থনৈতিক ক্ষমতা এলো—জনকল্যাণের এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই মঙ্গলবার (১০ নভেম্বর) দুটি পৃথক কর্মসূচিতে বক্তব্য ও আলোচনায় অংশ নিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

  • একদিকে স্বাস্থ্যসেবার পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রত্যয়
  • নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তার নতুন উদ্যোগ
  • ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য, নারী অধিকার ও সামাজিক সুরক্ষার নানা পরিকল্পনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হাসপাতাল উদ্বোধন করে তিনি তুলে ধরেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ১৫১-তে উন্নীত করার পরিকল্পনা। আর জাতীয় সংসদ ভবনে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নারীর অর্থনৈতিক স্বাধীনতা, ফ্যামিলি কার্ড, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সামাজিক সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা। দুটি আয়োজনের বিষয় আলাদা হলেও আলোচনার মূল সুর ছিল এক—উন্নয়নের সুফল পৌঁছাতে হবে সাধারণ মানুষের জীবনে।

৩১ থেকে ৫০, এবার লক্ষ্য ১৫১ শয্যা
রূপগঞ্জের দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে এবং স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য।’

স্বাস্থ্য অবকাঠামোর বিবর্তন তুলে ধরে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে তা ৫০ শয্যায় রূপান্তর করা হয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছেন।’

অর্থাৎ স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও বেশি সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি এবং মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), এমপি।

৩১ দফা থেকে জনকল্যাণের কর্মসূচি
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থই বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের ওপর তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের কোনো আস্থা ছিল না; আর সে কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে দেশসেবার যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে সম্পূর্ণ আন্তরিক। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সম্মানী ভাতা ও ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।’

তবে জনকল্যাণের দায়িত্ব শুধু সরকারের একার নয় বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, ‘কেবল সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি অতীতেও জনগণের প্রতিটি সংকটে পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। অন্যদিকে, অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি বলেন, ‘গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে যে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে, তা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। তাই বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন।’

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে বৈঠক 
রূপগঞ্জে স্বাস্থ্যসেবার অবকাঠামো নিয়ে আলোচনার পর জাতীয় সংসদ ভবনে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ফ্রান্সকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশটির সরকার যে উন্নয়ন সহযোগিতা ও সমর্থন দিয়ে এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় উঠে আসে ফ্যামিলি কার্ডের বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নামে এ কার্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর মতে, এটি নারীর অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।

ফ্যামিলি কার্ড সম্পর্কে ফ্রান্সের রাষ্ট্রদূত বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী জানান, এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বর্তমানে দেশজুড়ে এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে কার্ডটি ইস্যু করা হবে।

কার্ডের মাধ্যমে পাওয়া অর্থের ব্যবহার কেবল সংসারের খরচ কিংবা সন্তানদের লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নারীরা চাইলে এই অর্থ বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠার কাজেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পারিবারিক সহায়তার পাশাপাশি নারীর নিজস্ব আয় ও উদ্যোগের ক্ষেত্র তৈরির সম্ভাবনাও থাকছে এ কর্মসূচিতে।

জীবনমান উন্নয়নে বাড়ানো হচ্ছে ভাতার আওতা 
সামাজিক সুরক্ষার আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী জানান, তাঁদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভবনে ঢালু পথ স্থাপন এবং শৌচাগারগুলো তাঁদের ব্যবহারের উপযোগী করে নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তাঁরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, লৈঙ্গিক সমতা অর্জন এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

নারী অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মঞ্চেও আমন্ত্রণ
দুই দেশের আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও স্থান পায়। আগামী ২৫ নভেম্বর ফরাসি উন্নয়ন সংস্থার আয়োজনে ঢাকার ফরাসি দূতাবাসে ‘নারীবাদী পররাষ্ট্রনীতি প্লাস স্থানীয় গোষ্ঠী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত এ উদ্যোগের লক্ষ্য লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত ভূমিকা রাখা। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আমন্ত্রণ জানান ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ১৫১ শয্যার পরিকল্পনা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের উপযোগী অবকাঠামো এবং নারী অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা—এদিনের দুই পৃথক আয়োজনের আলোচনায় উঠে এসেছে জনকল্যাণের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। উন্নয়নের পরিধি যে শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং মানুষের স্বাস্থ্য, মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত, সেই বার্তাই প্রতিফলিত হয়েছে মন্ত্রীর বক্তব্য ও আলোচনায়।

এএইচ/এমকে


সম্পর্কিত খবর