এক্সক্লুসিভ

তথ্যযুদ্ধের যুগে তরুণদের হাতেই সত্যের লড়াই, নতুন উদ্যোগ সরকারের

একটি মিথ্যা তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে কোটি মানুষের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই শক্তিকে কাজে লাগিয়ে যেমন ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তেমনি অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে তৈরি হতে পারে বিভ্রান্তি। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় এখন প্রয়োজন সচেতন, দক্ষ ও তথ্য যাচাইয়ে পারদর্শী একটি তরুণ প্রজন্ম। এ লড়াইয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে চায় সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য প্রচার এবং আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার প্রতিরোধে তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

  • বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা
  • আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের সহযোগিতায় সাংবাদিকদের জন্য তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

মঙ্গলবার (১০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। এ মাধ্যমে যেন কোনো অপপ্রচার বা অসত্য তথ্য ছড়িয়ে না পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।’

তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। এখন শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনই যথেষ্ট নয়; তথ্যের সত্যতা যাচাই, প্রযুক্তিগত দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং দায়িত্বশীল সংবাদচর্চাও সমান গুরুত্বপূর্ণ। অপতথ্যের বিরুদ্ধে তরুণদের সচেতন করা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সাংবাদিক তৈরির উদ্যোগ—এই দুই লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি দক্ষ সাংবাদিক তৈরির উদ্যোগ
অপতথ্য প্রতিরোধের লড়াইয়ে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করছে সরকার। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।’

তবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক মান অর্জনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে মন্ত্রণালয়ের পরিকল্পনায়। বিশেষ করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং কর্মরত সাংবাদিকদের জন্য দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশে আসতে পারে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের প্রশিক্ষণকেন্দ্র
দেশের সাংবাদিকতা শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের পেশাগত কর্মপদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং সংবাদ তৈরির আধুনিক কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।’

নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, রাজনীতিতে আসার আগে যুক্তরাজ্যের বিবিসিতে আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে কাজের সেই অভিজ্ঞতা তাঁকে পেশাগত দক্ষতা, প্রযুক্তি এবং সম্প্রচার ব্যবস্থাপনার আন্তর্জাতিক মান সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে।

বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারেন, সেই প্রত্যাশার কথাও জানান তিনি। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশাতেই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

শ্রেণিকক্ষের পাঠ থেকে বাস্তব সাংবাদিকতা
সাংবাদিকতা শিক্ষাকে শুধু পাঠ্যবই ও তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার সঙ্গে যুক্ত করার বিষয়টিও উঠে আসে মতবিনিময়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রয়োগভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন।

গণমাধ্যমের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা এবং নীতিনির্ধারণে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন সাংবাদিকতা শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সংযোগ বাড়বে, অন্যদিকে গণমাধ্যম খাতের উন্নয়নেও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

মন্ত্রণালয় ও পিআইডি পরিদর্শনে শিক্ষার্থীদের নতুন অভিজ্ঞতা
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ, গণমাধ্যমের কার্যক্রম ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা বলেন, তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদফতর পরিদর্শনের মাধ্যমে তাঁরা গণমাধ্যমের এমন কিছু বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষে পড়াশোনার মাধ্যমে জানা সম্ভব হয় না। এ ধরনের অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়াইএ/এমকে


সম্পর্কিত খবর