৩৫ বছর বয়সের পর কেউ যেন আইনজীবী হতে না পারেন, সে পথ বন্ধ করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ পথ বন্ধ করার জন্য তিনি উদ্যোগ নিতে বলেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইন্টার্নদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এ কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো প্রতিদিনের জীবন থেকে শিক্ষা নেওয়া।
শিক্ষার সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত অর্জিত সব অভিজ্ঞতাই শিক্ষা। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এসে ইন্টার্নরা যে পরিশ্রম করছেন, তা তাঁদের জীবনের অন্যতম অভিজ্ঞতালব্ধ শিক্ষা হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসসহ অন্যরা।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি