অর্থনীতি

ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্য সচিব

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা ও রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, ইলিশ দেশের মৎস্যসম্পদের অন্যতম মূল্যবান সম্পদ। এর উৎপাদন বাড়াতে মা ইলিশকে নির্বিঘ্নে প্রজননের সুযোগ দিতে হবে এবং নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দেশের মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হলে মৎস্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ ইলিশের উৎপাদন বাড়ানো প্রয়োজন। বরিশাল অঞ্চলে ইলিশের প্রাচুর্য থাকায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করা হচ্ছে। জেলে, মৎস্য ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

মৎস্য সচিব আরও বলেন, সম্মিলিত উদ্যোগে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। এর ফলে দেশের অর্থনীতি ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এ সময় মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর