শিক্ষা

যোগ্য ও দক্ষদেরই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, যারা ভবিষ্যতে শ্রেণিকক্ষে আরও দক্ষতার সঙ্গে পাঠদান ও শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন, তাদেরই নিয়োগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকার সাভারের নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) আয়োজনে ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর দ্বিতীয় ও সমাপনী দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এবার শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়েছে। এমন নীতিমালা রাখা হয়েছে, যাতে যোগ্য ও দক্ষ প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ পান। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ নিয়ম অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সাময়িক দুর্বলতা তৈরি হয়ে থাকতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, কিছু ভুলত্রুটিও থাকতে পারে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব ত্রুটি চিহ্নিত করে সংশোধন এবং ঘাটতি পূরণে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের কাজের পরিবেশ ও মর্যাদা উন্নয়ন এবং পাঠদান পর্যবেক্ষণব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনের সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর