ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। তবে ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচ শেষে লিওনেল মেসি ও মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবারের মধ্যকার একটি উত্তপ্ত মুহূর্তও আলোচনায় এসেছে।
বুধবারের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা।
ইন্টার মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছান ৩৮ বছর বয়সী মেসি। কাকতালীয়ভাবে, ক্লাবটির হয়ে তার প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষেই। ২০২৩ সালের জুলাইয়ে অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন তিনি।
ফাইনালে মেসির পর গোলের তালিকায় নাম লেখান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে টানা পাঁচ ম্যাচে তার চতুর্থ গোল পূর্ণ হয়।
এদিকে, শিরোপা উদযাপনের সময় মেসি ও এমএলএস কমিশনার ডন গারবারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের হারকিউলেস গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওর বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, ট্রফি উদযাপনের পর মেসিকে গারবারের সঙ্গে দুইবার মুখোমুখি হতে দেখা যায়।
তবে ঠিক কী কারণে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে মেসি, গারবার বা এমএলএসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই শিরোপাটি মেসির ক্যারিয়ারের ৪৮তম ট্রফি। একই সঙ্গে ইন্টার মায়ামির হয়ে গত তিন বছরে একাধিক শিরোপা জয়ের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো।
২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জয়ের পর এবার ক্যাম্পেওনেস কাপও নিজেদের করে নিল ফ্লোরিডার ক্লাবটি।
মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে একের পর এক সাফল্য যুক্ত হচ্ছে। ক্রুজ আজুলের বিপক্ষে ফাইনালের জয় সেই ধারাবাহিকতায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকল।
সন্ধানী বার্তা/জেএন