জাতীয়

প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এ জেলায় এটিই তার প্রথম সফর।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করছেন।

সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মৎস্য চাষিদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

দুপুরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মধ্যে সম্মানীর চেক হস্তান্তর করবেন।

সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতারা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হবে।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর