দেশজুড়ে

গরুবাহী নসিমনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

নাটোরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি গরুবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে চাপা পড়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ সময় কয়েকটি গরুও মারা যায়।

গুরুতর আহত চারজনকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে স্থানীয় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলীর মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, একইসঙ্গে আহতদের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

সন্ধানী বার্তা/এসএকে


সম্পর্কিত খবর