
ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ চলাচল ব্যবস্থা নিয়ে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে একটি অবহিত সূত্রের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ভবিষ্যৎ নৌ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যে হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
সূত্রটি বলেছে, ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলেও তার অর্থ এই নয় যে হরমুজ প্রণালী সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কথিত ‘লঙ্ঘন’ অব্যাহত থাকলে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও প্রণালীটি বন্ধই থাকবে।
সূত্রটির ভাষ্য, হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের কথিত লঙ্ঘন সংশোধনের ওপর।
এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করলে ওমানের সঙ্গে নতুন নৌ চলাচল করিডর নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে তেহরান।
ইরানি কর্মকর্তারা একাধিকবার অভিযোগ করেছেন, ওয়াশিংটন সামরিক হুমকি দিয়ে আলোচনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমঝোতা বিলম্বিত করছে।
সূত্র: আল-জাজিরা
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি






