বিনোদন

অস্কারজয়ী জ্যারেড লেটোর বিরুদ্ধে ফের যৌন অসদাচরণের অভিযোগ

হলিউড অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটোর বিরুদ্ধে আবারও যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে। বিবিসির নতুন প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের মধ্যে ৯ জন প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

গত বুধবার প্রচারিত ওই প্রামাণ্যচিত্রে চার নারী এমন অভিযোগ করেছেন, যা যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগকারীদের দাবি, ঘটনাগুলো ঘটেছিল যখন তারা কিশোরী ছিলেন এবং লেটোর বয়স ছিল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অস্কারজয়ী এই অভিনেতা। তার মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেটো বলেন, “আমি জীবনে কখনো কাউকে যৌন নিপীড়ন করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ এবং নিঃসন্দেহে মিথ্যা।”

প্রামাণ্যচিত্রে এক নারী অভিযোগ করেন, ১৭ বছর বয়সে একটি মোটেলের বাথরুমে লেটো তাকে যৌন নিপীড়ন করেছিলেন। আরেক নারী দাবি করেন, ১৯ বছর বয়সে লেটো তাকে যৌন সহিংসতার হুমকি দিয়েছিলেন।

আরেক অভিযোগকারী জানান, ক্যালিফোর্নিয়ায় ১৭ বছর বয়সে লেটোর সঙ্গে তার যৌন সম্পর্ক হয়। তার দাবি অনুযায়ী, সে সময় রাজ্যের সম্মতির আইনি বয়স ছিল ১৮ বছর। অন্যদিকে ১৬ বছর বয়সী এক নারীর অভিযোগ, লেটো তাকে একাধিকবার যৌন ইঙ্গিতপূর্ণ ফোনকল করেছিলেন এবং অন্তত একবার যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।

বিবিসির দাবি, ওই নারীর কাছে একটি গোপনীয়তা চুক্তি (এনডিএ) ছিল, যাতে স্বাক্ষর করলে লেটোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলা নিষিদ্ধ হতো। তবে তিনি সেই চুক্তিতে স্বাক্ষর করেননি।

এ ছাড়া আরও কয়েকজন নারী অভিযোগ করেছেন, অল্প বয়সে লেটো তাদের সঙ্গে নিয়মিত অস্বাভাবিক ও যৌন ইঙ্গিতপূর্ণ ফোনালাপ করতেন।

বিবিসি জানিয়েছে, অভিযোগকারীদের কয়েকজনের বক্তব্য তাদের সে সময়কার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে ছবি ও বার্তাও পর্যালোচনা করা হয়েছে, যা অভিযোগকারীদের বক্তব্যকে সমর্থন করে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

প্রামাণ্যচিত্রে লেটোর ব্যান্ডের সাবেক দুই কর্মীও কথা বলেছেন। তাদের দাবি, কিশোরী ভক্তদের সঙ্গে লেটোর মেলামেশার ধরন নিয়ে দলের ভেতরে অস্বস্তি ছিল। তারা অভিযোগ করেন, অনেক সময় কিশোরী ভক্তদের ব্যাকস্টেজ, ড্রেসিংরুম কিংবা রেকর্ডিংয়ের জায়গায় আমন্ত্রণ জানানো হতো।

এর আগেও জ্যারেড লেটোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। গত বছর লস অ্যাঞ্জেলেসের ডিজে অ্যালি টেইলজ অভিযোগ করেন, ১৭ বছর বয়সে লেটো তার প্রতি যৌন অসদাচরণ করেছিলেন। ২০২৫ সালের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে আরও কয়েকজন নারী বছরের পর বছর ধরে লেটোর অনুপযুক্ত আচরণের অভিযোগ তোলেন।

তবে আগের মতো এবারও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জ্যারেড লেটো। তার দাবি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর