বিনোদন

অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ড মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার ভোরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্ঘটনার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

হ্যানসার্ডের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এটিসি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আইরিশ পুলিশের তথ্য অনুযায়ী, ডাবলিনের পশ্চিমাঞ্চলে একটি মোটরসাইকেলের একক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি নিহত হন। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসা দিলেও অল্প সময়ের মধ্যেই মৃত ঘোষণা করা হয়।

গ্লেন হ্যানসার্ড ছিলেন আইরিশ সংগীত অঙ্গনের অন্যতম পরিচিত শিল্পী। ২০০৮ সালে স্বাধীনধারার চলচ্চিত্র ‘ওয়ান্স’-এর জনপ্রিয় গান ‘ফলিং স্লোলি’-র জন্য ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার জেতেন তিনি। এছাড়া তিনি জনপ্রিয় আইরিশ রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং পরবর্তীতে একক শিল্পী হিসেবেও একাধিক সফল অ্যালবাম প্রকাশ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। মার্কিন সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন তাকে “একজন অসাধারণ সংগীতশিল্পী, ভালো বন্ধু এবং উদার মানুষ” হিসেবে স্মরণ করেছেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনও বলেন, হ্যানসার্ড দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে ডাবলিনের রাস্তায় গান গেয়ে সংগীতজীবন শুরু করেন হ্যানসার্ড। ১৯৯০ সালে তিনি গঠন করেন রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’। পরে অস্কারজয়ী শিল্পী মার্কেটা ইরগ্লোভার সঙ্গে ‘দ্য সোয়েল সিজন’ নামের সংগীত জুটিতেও কাজ করেন। ২০১৬ সালে তার কাজ গ্র্যামি পুরস্কারের মনোনয়নও পায়।

সংগীতের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন গ্লেন হ্যানসার্ড। গৃহহীন মানুষের সহায়তায় তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। ২০১০ সালে ডাবলিনে শুরু করা তার বার্ষিক পথসংগীত আয়োজনের মাধ্যমে একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য ২০ লাখ ইউরোরও বেশি অর্থ সংগ্রহ করা হয়।

ব্যক্তিগত জীবনে গ্লেন হ্যানসার্ড স্ত্রী মাইরে সারিটসা ও তিন বছর বয়সী ছেলে ক্রিস্টিকে রেখে গেছেন। তার মৃত্যুতে আইরিশ সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর