
বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট পরিচালনার জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ (FFE) নামে একটি নতুন কোম্পানি গঠন করে তার ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে ফিফা। প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নের এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো সংস্থায় বেসরকারি মালিকানা যুক্ত হতে যাচ্ছে। আর এই ঐতিহাসিক শেয়ার ক্রয়ের জন্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জশুয়া কুশনার ও তাঁর প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল।
৪১ বছর বয়সী জশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কুশনার পরিবারের সন্তান। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই। তবে পরিবারের অন্যদের মতো রাজনীতিতে না গিয়ে ২০০৯ সালে মাত্র ২৪ বছর বয়সে ‘থ্রাইভ ক্যাপিটাল’ প্রতিষ্ঠা করে নিজেকে প্রযুক্তি খাতের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলেন তিনি।
ইনস্টাগ্রাম, স্পটিফাই, স্ল্যাক এবং ওপেনএআই-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে পরিচিতি পাওয়া এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের বর্তমান মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফোর্বসের হিসাব অনুযায়ী, জশুয়া কুশনারের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫২০ কোটি ডলার। ফিফায় বিনিয়োগের জন্য তাঁর প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটারনাল’ নামে একটি বিশেষ ইউনিটও গঠন করেছে।
ক্রীড়া ব্যবসায় জশুয়ার উপস্থিতি একেবারে নতুন নয়। ২০১৯ সালে এনবিএ-র মেমফিস গ্রিজলিজের শেয়ার কেনার পাশাপাশি মায়ামি হিট ও সান ফ্রান্সিসকো জায়ান্টসেও তাঁর সংখ্যালঘু মালিকানা রয়েছে। তবে ফিফায় বিনিয়োগ সফল হলে সেটিই হবে তাঁর জীবনের সবচেয়ে বড় ক্রীড়া চুক্তি।
পারিবারিকভাবে ট্রাম্পের নিকটাত্মীয় হলেও রাজনৈতিকভাবে জশুয়া রিপাবলিকান নন, বরং ডেমোক্র্যাটপন্থী। তাঁর স্ত্রী সুপারমডেল কার্লি ক্লসও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রসেসকে সমর্থন করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে অলাভজনক সংস্থা হিসেবে পরিচালিত ফিফা প্রথমবারের মতো বেসরকারি মালিকানার দরজা খোলায় ক্রীড়াবিশ্বে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উয়েফা, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও কনক্যাকাফ এর তীব্র বিরোধিতা করে জানিয়েছে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। স্প্যানিশ লা লিগা কিংবা ফরাসি লিগ আঁতে বাণিজ্যিক শেয়ার বিক্রির উদাহরণ থাকলেও ফুটবলের সবচেয়ে বড় আসর ‘বিশ্বকাপ’-এর মতো টুর্নামেন্টকে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়ায় আনাটা মোটেও সহজে মেনে নিতে পারছেন না বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা।
সন্ধানী বার্তা/এসএ






