
সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমোদন থাকা সত্ত্বেও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্টটি আবারও স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।
পূর্বঘোষিত সময় অনুযায়ী গত ২৬ জুন ঢাকায় পারফর্ম করার কথা ছিল অনুপম রায়ের। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করে আগামী ১ আগস্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের কনসার্টটি আয়োজনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠান আয়োজনের দুদিন আগে গতকাল রাতে আবারও তা স্থগিতের ঘোষণা এলো।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টটির সকল প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন যথাযথভাবে সম্পন্ন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনুমোদন থাকা সত্ত্বেও “অনিবার্য কারণ” উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়।
হতাশা প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর ও সহযোগীদের মধ্যে স্বাভাবিকভাবেই চরম হতাশা সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও সরকারি নির্দেশনার প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে আয়োজকরা তা সম্পূর্ণ অনুসরণ করছেন।
এদিকে আয়োজকরা আশ্বস্ত করেছেন, কনসার্টটি স্থগিত হওয়ায় টিকিটধারীদের আর্থিক ক্ষতি হবে না। কেনা সমস্ত টিকিটের পুরো মূল্য অফিশিয়াল টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ফেরত দেওয়া হবে।
সন্ধানী বার্তা/এসএ






