
আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্বে ফিরছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে তাঁর সমঝোতা চূড়ান্ত হয়েছে।
আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক।
প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন গেরহার্ড। এশিয়ান গেমসে জাতীয় দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে পরবর্তীতে তাঁর চুক্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে হকি ফেডারেশন।
আগামী শুক্রবারই গেরহার্ডের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় আসার পর জাতীয় দলকে সঙ্গে নিয়ে তিনি নিজ দেশ জার্মানিতে যাবেন, যেখানে বাংলাদেশ হকি দল এক মাসের একটি কন্ডিশনিং ক্যাম্প সম্পন্ন করবে। এই ক্যাম্পের অংশ হিসেবে জার্মানির শীর্ষ লিগের কয়েকটি ক্লাবের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা।
জার্মানিতে দলের কোচিং প্যানেলে গেরহার্ডের সঙ্গে আরও চারজন অভিজ্ঞ স্টাফ যুক্ত হবেন। তাঁরা হলেন—পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস এবং আকিম মানসেস।
উল্লেখ্য, পিটার গেরহার্ড এর আগেও বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালের এপ্রিলে প্রথমবার কোচিং পরিচালক হিসেবে বাংলাদেশে আসেন তিনি এবং ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দল ও ক্লাবে কাজ করেন। তাঁর মেয়াদেই রাসেল মাহমুদ জিমির মতো তারকারা ইউরোপীয় ক্লাবে খেলার সুযোগ পান। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিরলেও একই বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগ করেছিলেন।
সন্ধানী বার্তা/এসএ






