খেলা

ফিফার বাণিজ্যিক কার্যক্রমে নতুন কোম্পানি

বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ গঠনের পরিকল্পনা করেছে ফিফা। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ফিফার দাবি, এই অর্থ সদস্যভুক্ত ২১১টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নয়ন তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়াতে ব্যবহার করা হবে। নতুন ‘ফিফা ফাস্ট ফরওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় প্রতিটি সদস্যসংস্থা বিশেষ ও জরুরি প্রকল্পের জন্য অতিরিক্ত ২ কোটি ডলার পর্যন্ত সহায়তা পাবে। পাশাপাশি নিয়মিত উন্নয়ন অনুদানও ধাপে ধাপে বর্তমান ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবলের বাণিজ্যিক কার্যক্রমকে আরও দক্ষভাবে পরিচালনা করে এর সুফল বিশ্বজুড়ে সমানভাবে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।

এ প্রকল্পে ফিফার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে জেপি মরগান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল সম্ভাব্য বিনিয়োগকারী দলের নেতৃত্ব দিতে পারে।

তবে পরিকল্পনাটি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। উয়েফা জানিয়েছে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাণিজ্যিক সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ খেলাটির শাসনব্যবস্থা ও স্বচ্ছতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। তাদের ভাষায়, “ফুটবলের আত্মা বিক্রির জন্য নয়।”

অন্যদিকে, সমর্থকদের একটি অংশ মনে করছে, ফরাসি ও স্প্যানিশ লিগসহ বিশ্বের বিভিন্ন ক্রীড়া সংস্থা ইতোমধ্যেই একই ধরনের বাণিজ্যিক মডেল অনুসরণ করেছে। ফলে ফিফার এই উদ্যোগও নতুন নয়।

প্রস্তাবটি কার্যকর হতে হলে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিল এবং অধিকাংশ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলে এটি হবে ফিফার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক পুনর্গঠনের একটি।

সন্ধানী বার্তা /এসএ 


সম্পর্কিত খবর