
বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবার সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পদক্ষেপ নতুন আলোচনা তৈরি করেছে।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এমন একটি পোস্টে লাইক দেন নেইমার, যেখানে বিশ্বকাপে তাকে সীমিত সময় খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করা হয়। পোস্টে দাবি করা হয়, তিনি পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট ছিলেন, তবু তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। এমন সিদ্ধান্তই ব্রাজিলের বিদায়ের অন্যতম কারণ হতে পারে বলেও মন্তব্য করা হয়।
বিশ্বকাপের আগে চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। জাপানের বিপক্ষে তাকে খেলানো হয়নি এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
বিশ্বকাপ শেষ হওয়ার ২০ দিন পর সান্তোসের হয়ে পূর্ণ সময় মাঠে নেমে জোড়া গোল করার পাশাপাশি, বিতর্কিত পোস্টে লাইক দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন।
সন্ধানী বার্তা/এসএ






