
ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে হামজা চৌধুরীর পর নতুন সম্ভাবনার নাম ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের এই তরুণ লেফট উইঙ্গার এখন প্রিমিয়ার লিগে অভিষেকের খুব কাছাকাছি। একইসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলার প্রক্রিয়াও এগিয়ে চলছে।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের পারিবারিক শিকড় সিলেটে। ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে হলেও ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহামের একাডেমিতে। এরপর অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দল পেরিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ফারহান। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ধারাবাহিক পারফরম্যান্স করে জেতেন নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন। সম্প্রতি নরউইচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলে অভিষেক হওয়ায় প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনাও আরও জোরালো হয়েছে।
এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে কাজ করছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফারহান ও তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন এবং প্রয়োজনীয় পাসপোর্ট প্রক্রিয়া এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতেই তার অভিষেক হতে পারে। এছাড়া নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপেও তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।
হামজা চৌধুরীর পথ অনুসরণ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি বাংলাদেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন ফারহান আলী ওয়াহিদ। তরুণ এই উইঙ্গার প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে পারলে বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে পারে নতুন এক গৌরবের অধ্যায়।
সন্ধানী বার্তা/এসএ






