জাতীয়

প্রবাসী ভোটব্যবস্থা নিয়ে ইসির উচ্চপর্যায়ের সভা আজ

দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে চলমান ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন’ প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আজ উচ্চপর্যায়ের সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

অফিস আদেশে বলা হয়েছে, ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প’ এর চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং- ৫২০) অনুষ্ঠিত হবে। ওই সভায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

এ প্রকল্পের আওতায় প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন এরমধ্যে ভোট দিয়েছিলেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন আর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রবাসীদের ব্যালট এসেছিলো ৪ লাখ ৯৮ হাজার ২০৫ এবং এরমধ্যেই বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ টি।

সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ


সম্পর্কিত খবর