জাতীয়

রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য প্রতিমন্ত্রী, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি। আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চাই।’

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

সন্ধানী বার্তা/এমকে/এমএইচ


সম্পর্কিত খবর