জাতীয়

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে গিয়ে একটি স্বর্ণচাঁপা গাছ রোপন করেন সরকারপ্রধান।

১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওয়ের পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর থেকে সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন।

সন্ধানী বার্তা/এম/এএইচ


সম্পর্কিত খবর