খেলা

ড্যাফোডিল নাকি এআইইউবি, কার হাতে উঠবে ট্রফি?

পর্দা নামছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’-এর। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

পুরো আসরে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে ড্যাফোডিল। অন্যদিকে কঠিন লড়াই ও স্নায়ুচাপ সামলে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে এআইইউবি। দুই দলের খেলার ধরন ও শক্তির ভিন্নতা ফাইনালকে ঘিরে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে।

দাপুটে ফুটবলে ফাইনালে ড্যাফোডিল
টুর্নামেন্টজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ড্যাফোডিল। প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে কিছুটা বেগ পেতে হয় তাদের। তবে বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় ড্যাফোডিল। সালিসোর গতি ও জুয়েলের নিখুঁত ফিনিশিংয়ে সোনারগাঁওয়ের রক্ষণে বারবার চাপ তৈরি করে তারা।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোনো গোল হজম না করে জয় পাওয়ায় ড্যাফোডিলের রক্ষণভাগের দৃঢ়তাও প্রমাণিত হয়েছে। ফাইনালেও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে চাইবে দলটি।

টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে এআইইউবি
অন্যদিকে এআইইউবির ফাইনালে ওঠার পথ ছিল বেশ কঠিন ও রোমাঞ্চকর। দ্বিতীয় সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে তারা। এরপর টাইব্রেকারে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট পায় দলটি।

চাপের মুহূর্তেও স্নায়ু ধরে রাখার সামর্থ্য দেখিয়েছে এআইইউবি। দ্রুতগতিতে আক্রমণে উঠে গোল আদায় করে নেওয়ার ক্ষেত্রে রাশেদুল দলের অন্যতম ভরসা। সেমিফাইনালে টাইব্রেকারে পাওয়া জয় ফাইনালের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে।

গতি বনাম লড়াকু মানসিকতার লড়াই
ফাইনালে ড্যাফোডিলের মূল শক্তি হবে গতি ও আক্রমণাত্মক ফুটবল। অন্যদিকে এআইইউবি ভরসা রাখবে লড়াকু মানসিকতা, দলীয় বোঝাপড়া এবং চাপের মধ্যে নিজেদের সামর্থ্য ধরে রাখার ওপর।

একদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো ড্যাফোডিল, অন্যদিকে কঠিন পরিস্থিতি সামলে ফাইনালে ওঠা এআইইউবি। দুই দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শিরোপা জিতবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত।

টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।

সব মিলিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (৩ নভেম্বর)  সন্ধ্যায় জমজমাট এক ফাইনালের অপেক্ষা। শেষ হাসি হাসবে ড্যাফোডিল, নাকি প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাবে এআইইউবি—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ফুটবলপ্রেমীরা।

সন্ধানী বার্তা/এসএ/এমএসআইপি

 


সম্পর্কিত খবর