জাতীয়

খুলনার চার থানায় পুলিশকে বিশেষ সতর্কবার্তা

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার চারটি থানায় চলমান বিশেষ অভিযানকে কেন্দ্র করে এ সতর্কতা জারি করেছে খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি)।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি থেকে জারি করা এক নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে রাতে একাকী চলাচল এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চার থানার ওসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডিএসবির জারি করা নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকা এবং রাতে একা চলাচল না করার নির্দেশনার মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে জারি করা এ নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২।

তবে চার থানায় কী ধরনের বিশেষ অভিযান চলছে কিংবা সাম্প্রতিক হামলার সঙ্গে এসব অভিযানের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নির্দেশনায় বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর