উন্নয়ন সহযোগিতার গণ্ডি পেরিয়ে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবার বড় অর্থনৈতিক অংশীদারত্বের দিকে মোড় নিচ্ছে। পানি, স্যানিটেশন ও নগর অবকাঠামোয় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার ফরাসি অর্থায়নের পর এবার বিনিয়োগ, বাণিজ্য ও নতুন প্রকল্পে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টিও আলোচনায় এসেছে।
বুধবার (০৭ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা হয়। বৈঠকে চলমান প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হয়।
- ১২ হাজার কোটি টাকার উন্নয়ন সহযোগিতার পর বিনিয়োগ-বাণিজ্যে নজর
- এয়ারবাসের ১০ উড়োজাহাজও আলোচনায়
উন্নয়নে ফ্রান্সের বড় বাজি
বাংলাদেশের স্থানীয় সরকার খাতে ফ্রান্সের আর্থিক সম্পৃক্ততা এখন বড় আকার নিয়েছে। এএফডির অর্থায়নে চারটি প্রকল্প চলছে—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্টের তৃতীয় পর্যায়, ঢাকা টেকসই পানি সরবরাহ প্রকল্পের তৃতীয় পর্যায়, চট্টগ্রামের নর্থ কাট্টলী স্যানিটেশন প্রকল্প এবং নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এসব উদ্যোগে ফ্রান্সের অর্থায়ন প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের ক্রমবর্ধমান নগর চাহিদা। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও কার্যকর নগর ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ানো এখন শুধু জনসেবা নয়, টেকসই নগরায়ণেরও শর্ত।

রাজধানীর বাইরে নতুন বিস্তার
ফরাসি সহায়তায় সাতটি শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ফলে সহযোগিতার পরিধি ঢাকার বড় অবকাঠামো প্রকল্প ছাড়িয়ে জেলা ও পৌর পর্যায়েও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
এয়ারবাসে বাড়তি গুরুত্ব
বৈঠকে এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রসঙ্গটি দুই দেশের সম্পর্কের নতুন অর্থনৈতিক মাত্রার ইঙ্গিত দিচ্ছে। উন্নয়ন প্রকল্পের অর্থায়নের পাশাপাশি বড় বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা তৈরি হলে ঢাকা-প্যারিস সম্পর্ক আরও বহুমাত্রিক হতে পারে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধানী বার্তা /এমএএএমকে